নোয়াখালী শহর শাখার সভাপতি গিয়াস কামাল সাজুসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁদের শহরের কৃষ্ণরামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এদিকে দলীয় পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার নোয়াখালী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কেন্দ্রীয় ছাত্রশিবির।
শুক্রবার দুপুরে শিবিরের উত্তর জেলা শাখার সভাপতি মো. মায়াজ মুঠোফোনে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত অপর চারজন হলেন ছাত্রশিবিরের শহর শাখার দপ্তর সম্পাদক মাহবুব এলাহী, প্রচার সম্পাদক আহছান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শামীম ইউসুফ, অর্থ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ বুলবুল।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, শহরের কৃষ্ণরামপুর এলাকার একটি বাড়িতে শুক্রবার সকালে ছাত্রশিবিরের কয়েকজন নেতা গোপনে নাশকতার পরিকল্পনা করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিস্কৃতি চাকমার নেতৃত্বে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
এসএইচ





