বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রায়হান নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রায়হানের বাবা নুর উদ্দিন জানান, রায়হান এবার জিঞ্জিরা পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গেই সে কেরানীগঞ্জের বরিশুরে থাকত।
কে বা কারা তাকে বাসা থেকে ডেকে হরিপুর বাজারে নিয়ে যায়। সেখানে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় বাজারে থাকা রায়হানের বন্ধু আনোয়ারকেও ছুরিকাঘাত করা হয়।
গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে মামাতো ভাইয়ের সঙ্গে রায়হানের ঝগড়া হয়েছিল। এরই জের ধরে ওই মামাতো ভাইসহ কয়েকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এআর





