গাজীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা তার গরু লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার এই ব্যবসায়ীর লাশ তার শ্বশুর বাড়ি সিটি করপোরেশনের মারিয়ালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই রিপন দাস।
নিহতের নাম আমির হোসেন (৪০) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি থানার সন্দেশীচর এলাকায়।
নিহতের শ্যালক আমিনুল ইসলাম বলেন, কোরবানি উপলক্ষে আমির হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী গরু কিনে বিক্রির জন্য মারীয়ালিতে আনেন। এলাকার একটি নির্মাণাধীণ বাড়ির নিচে গরু রেখে বিভিন্ন হাটে তুলতেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সেখানে থাকা চারটি গরু আমি এবং আমির হোসেন পাহারা দিচ্ছিলাম। রাত ১টার দিকে আমি বাড়িতে চলে যাই। সকালে অন্য ব্যবসায়ী এসে গরু ও আমিরকে না পেয়ে বিষয়টি আমাকে জানান।
শ্যালক আরও জানান, খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের জঙ্গল থেকে আমিরের মুখে স্কচটেপ আটকানো, হাত-পা বাঁধা ও শরীরের বিভিন্নস্থানে কোপানো অবস্থায় লাশ পাওয়া যায়।
জয়দেবপুর থানার এসআই রিপন দাস জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এমবি





