কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নুরুল আফসার(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নুরুল আফসার সদর উপজেলার খুরুসকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
নিহত নুরুলের চাচাত ভাই সেফায়েত উল্লাহ জানান, নুরুল আফসার রাতে খুরুসকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম জানান, নুরুল আফসারের গলায় গুলির চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক কালাম জানান, নিহত ব্যক্তি একজন মুদি দোকানি। কিন্তু কি কারণে, কারা তাকে খুন করেছে এখনও জানা সম্ভব হয়নি। তবে, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এমএম





