গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বোর্ডঘর এলাকায় ২ বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের ৬ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গে যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় পৌঁছালে যাত্রী উঠানোর জন্য হঠাৎ থামিয়ে দেয়। এ সময়ে তার পেছনে থাকা বগুড়া-নওগাগামী ভিআইপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআর পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের ৬ জন যাত্রী আহত হয়েছেন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় কবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এবিএস





