মৃত্যুদণ্ড কার্যকর করার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী এ্যাম্বুল্যান্স রোববার সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে প্রবেশ করেছে।

ঢাকা থেকে চট্টগ্রাম শহর হয়ে রাউজান উপজেলার উদ্দেশ্য যাত্রা করা সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি আর দুই ঘণ্টার মধ্যে রাউজান পৌঁছাতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি ইফতেখার হাসান জানান, সকাল পৌনে ৮টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী গাড়ির বহর চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে পৌঁছেছে। এটি বর্তমানে চট্টগ্রাম শহর অভিমুখে রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘সাকা চৌধুরীর লাশ সকাল ৯টা নাগাদ রাউজানের গহিরায় পৌঁছাবে বলে আমরা আশা করছি। লাশ পৌঁছানোর পর জানাযা এবং কবর দেওয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সাকা চৌধুরীর পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে কবর খনন করে প্রস্তুত রাখা হয়েছে।’

এমআর