সহকর্মীর রাইফেল থেকে অসাবধানতাবসত বের হওয়া গুলিতে এক পুলিশ কনষ্টেবল নিহত হওয়ার ঘটনা ঘটেছে রাঙ্গামাটি পুলিশ লাইনে।

শনিবার বেলা পৌনে ১২টার সময় রাঙ্গামাটি সুখী নীলগঞ্জস্থ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কনষ্টেবল পূর্ণয় বড়ুয়া মাত্র চারমাস আগে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করেছিলেন। সে চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ার জনৈক শেখর বড়ুয়ার সন্তান।

এ ঘটনায় নিহতের অপর সহকর্মী সৌরভ বড়ুয়া ঘটনার আকস্মিকতায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি আকস্মিকভাবেই ঘটেছে।

তিনি আরো জানান, কনষ্টেবল সৌরভ পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে তার ডিউটি শেষ করে নিজ রুমে আসে। এসময় তারই রুমমেট অপর কনষ্টেবল পূর্নয় বড়ুয়া সৌরভের স্থলে ডিউটিতে যাওয়ার কথা ছিলো। দু’জনের মধ্যেই কথা বলার সময় বিছানায় রক্ষিত চাইনিজ রাইফেল থেকে আকস্মিকভাবে ফায়ার হয়।

এতে করে কনষ্টেবল পূর্নয় বড়ুয়া গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। এসময় অপর কনষ্টেবল সৌরভও ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।

এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ কনষ্টেবল পূর্নয় বড়ুয়া নিহত হয়। অপর কনষ্টেবল সৌরভ বড়ুয়ার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রামে স্থানান্তর করেছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

জেএইচ