হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শেষে হচ্ছে আগামী ১০ মে। আর ওই দিন থেকেই শুরু হবে হজের মূল নিবন্ধন কার্যক্রম। যা চলবে ২৬ মে পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের এক লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর মাধ্যমে অনুমোদিত ব্যাংকে জমা দিতে হবে। এরপর পিলগ্রিম আইডি দেয়া হবে।
‘প্রাক-নিবন্ধনের পর বেসরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের নিবন্ধনকার্য ১০ মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে।’
জানা গেছে, গত ২৩ মার্চ হজের প্রাক-নিবন্ধন শুরুর এক সপ্তাহের মধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোটা শেষ হয়। তবে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন এখনো চলছে।
তথ্যানুযায়ী, এ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৩ হাজার ৪০০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪ জন হজে যেতে প্রাক-নিবন্ধন করেছেন।
তবে এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার হজযাত্রীর অনুমোদন দিয়েছে সৌদি আরব।
সে হিসেবে কোটা পূরণ হয়ে যাওয়ায় প্রাক-নিবন্ধন করেও এ বছর অনেকেই হজে যেতে মূল নিবন্ধন করতে পারবেন না।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যারা প্রাক-নিবন্ধন করেও এবার হজে যেতে পারছেন না- তাদেরকে আগামী বছরের জন্য অগ্রাধিকার দেয়া হবে।
প্রসঙ্গত, এবার সরকারি ব্যবস্থাপনায় কোরবানিসহ হজ প্যাকেজ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজ ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা নির্ধারন করেছে সরকার। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে এজেন্টরা প্যাকেজ ঠিক করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।
ওএফ





