বরিশাল পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগে ঘুষ বা দুর্নীতি করার দায়ে তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা নগদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশাল বিভাগীয় হাসপাতালের ওয়ার্ড বয় মো. হানিফ বেপারী, সাইদুর রহমান ও তাদের আত্মীয় সেকেন্দার হাওলাদার। এসময় তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা ও জনতা ব্যাংকের দুটি চেকের পাতা উদ্ধার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটককৃতরা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষারত গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের শাহরিয়ার জয় ও রেজাউল সরদারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা গ্রহণ করে। তারা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য পাঁচ ও দুই লাখ টাকার জনতা ব্যাংকের দুটি পাতা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখে।

গোপন খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে ও তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা ও চেক দুটি উদ্ধার করে। এদিকে ঘুষের টাকা উদ্ধারের ঘটনা ছাড়াও গেলো ৬ মার্চ মোবাইল ফোন ব্যবহার করে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় উত্তর লেখার ঘটনায় আরও দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম জানা যায়নি।

এই নিয়ে কনস্টেবল নিয়োগের ঘটনায় বিভিন্ন অপরাধে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চার থেকে পাঁচটি চক্র কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করছে। তাদেরকেও আটক করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ।

জেড