পবিত্র ঈদ-উল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে ট্রেনের তৃতীয় দিনের টিকিট বিক্রি চলছে।রোববার বিক্রি হচ্ছে ৩ অক্টোবরের টিকিট।

এদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও শনিবার মধ্যরাত থেকেই অনেক যাত্রী কাউন্টারের সামনে অপেক্ষমাণ ছিলেন।

রোববার সকাল ৯টার আগেই কমলাপুর স্টেশন কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। গত দু’দিনের তুলনায় এদিন যাত্রীর চাপ অনেক বেশি বলে মনে করছেন কমলাপুর স্টেশনে দায়িত্বরত রেলওয়ের কর্মকর্তারা।

কমলাপুর স্টেশন ম্যানেজার খায়রুল বশীর বলেন, শেষের তিন দিন যাত্রীদের চাপ অন্য দুদিনের তুলনায় বেশিই থাকে। প্রতিবছরই এমন চিত্র দেখা যায়।

তিনি জানান, ঢাকায় শুধু কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ১৫টি কাউন্টার থেকে প্রতিদিন ১১ হাজার ৫০০ টিকিট বিক্রি করা হবে।

 ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন বিক্রি হয়েছে ১ অক্টোবরের টিকিট। শনিবার বিক্রি হয়েছে ২ অক্টোবরের টিকিট।

সোমবার বিক্রি চলছে ৩ অক্টোবরের টিকিট। পক্ষান্তরে মঙ্গল ও বুধবার বিক্রি হবে  ৪ ও ৫ অক্টোবরের টিকিট।

আন্তঃনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইল ফোনে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে বিক্রি হবে ফিরতি টিকিট। এছাড়া ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে।

ভিআইপি ও রেলওয়ে কর্মচারী কোটায় আরো সাড়ে ৬ হাজার টিকিট দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিদিন ১৮ হাজারের বেশি টিকিট দেওয়া হবে।

ঈদে ট্রেনে বাড়তি ১৩০টি বগি সংযোজন করা হচ্ছে। ওইসব বগির ধারণক্ষমতা অনুযায়ী, ১৮-২০ হাজার যাত্রীর টিকিট দেওয়া সম্ভব হবে।

সূত্র আরো জানায়, ঈদের ট্রেনে স্ট্যান্ডিং টিকিট তাৎক্ষণিক বিক্রি করা হবে। ঈদে ঢাকা থেকে দেওয়ানবাজার, পার্বতীপুর ও খুলনা রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম থেকেও স্পেশাল ট্রেন চলাচল করবে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ