কক্সবাজারের টেকনাফে একুশ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বারসহ মোহাম্মদ মুফিজ (৩৭) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪২)।
শুক্রবার বেলা ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে একটি কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
মোহাম্মদ মুফিজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মৃত আবদুল হকের ছেলে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার হয়ে চকরিয়া নিয়ে যাওয়ার সময় ছয়টি সোনার বারসহ তাকে আটক করা হয়। ৬শত গ্রাম ওজনের এ সোনার বাজার মূল্য ২১ লাখ টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে আটককৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আবুজার আল জাহিদ।
এআর





