রাজধানীর গুলশানে ‘হলি আর্টিজান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীনের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (০২ জুলাই) দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্স যোগে দু’জনের মরদহে রাজারবাগ পৌঁছায়। পরে সেখানে মরদেহ দু’টিকে গোসল করানো হয়। বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা অনুষ্ঠিত হবে। নিহত দু’জনের স্বজনরা এই তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা ১১টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য আনা হয়।

নিহত রবিউল ইসলামের চাচা সামসুল ইসলাম মেহেদি জানান, রাজারবাগে রবিউলের প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেকটি জানাজা শেষে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।

এদিকে, নিহত সালাহ উদ্দীনের বড় ভাই রাজিউদ্দিন খান জানান, সালাহ উদ্দীনের প্রথম জানাজা শেষে তার মরদেহ মোহাম্মদপুরের বাসায় নেওয়া হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ওএফ