লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। এ সময় অপর একজন আহত হয়েছেন। সোমবার সকালে পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মির্জারকোর্ট গ্রামের আমানতুল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মাদরাসা ছাত্র লাবিব মিয়া (১২) ও নূরল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৮-০১৩৫) মির্জার কোর্ট এলাকায় পৌঁছে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় অপর একজন আহত হয়।

এ ঘটনায় এলাকাবাসী ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়। তবে ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর সড়ক দুর্ঘটনায় ৩ পথচারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এমএনজে