নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে দুটি প্রাইভেটকারসহ ১০ ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তাদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, এক জোড়া হ্যান্ড কাপ, একটি ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, দুপুরে একদল পুলিশ তাদের ফাঁদ পেতে ধরার জন্য বালুর বস্তা নিয়ে একটি লেগুনা যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার থেকে কাচঁপুর এলাকায় যাচ্ছিল। সোর্সের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশকে জানানো হয়- ওই বস্তায় জমি বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরে ভুয়া ডিবি পুলিশের একটি দল দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি এলাকায় গতিরোধ করে।  এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা সোনারগাঁ থানা পুলিশের একাধিক দল তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, এক জোড়া হ্যান্ড কাপ, একটি ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা সদর উপজেলার তালুক চর গ্রামের খালেক বেপারীর ছেলে নুর ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার জয়গঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে নুরুজ্জামান মোক্তার, কুমিল্লার মুরাদনগর উপজেলার কামেলা গ্রামের মোতালেব মিয়ার ছেলে কুদ্দুস মিয়া, নওগাঁর বঙ্গালগামী উপজেলার বালুভরা উপজেলার আব্দুল জলিলের ছেলে হেলাল মিয়া, গোপলগঞ্জের কোটালীপাড়া উপজেলার টাপুরিয়া গ্রামের শেখ মোশারফের ছেলে শেখ মোজাম্মেল, পাবনার ভেড়া উপজেলার বিজয়গঞ্জ গ্রামের আব্দুল মজিদের ছেলে মনির হোসেন, নওগাঁ সদর উপজেলার আতাইকুলা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা, ফেনীর সোনাগাজী উপজেলার দরবেশ গ্রামের মজিবুর রহমানের ছেলে এনামুল হক, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দেহকোলা গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাসুদ করিম ও টাঙ্গাইল সদর উপজেলার বাতকুডা গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মিঠু খান।

এমই