কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রতিষ্ঠার ৯ বছর পর ইউএনও মোস্তফা মোরশেদের অন্তরিক প্রচেষ্টায় গতকাল বুধবার দুপুরে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ ৯ বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ না হওয়ায় মনোহরগঞ্জ বাজারের ডাক বাংলোটি এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ হিসেবে ব্যবহৃত হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ উদ্বোধন উপলক্ষে ওইদিন দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল মজিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা.মজিবুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী, সমাজসেবক হাজী সেলিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কাজ শেষ না হওয়ায় এ উপজেলা মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। তাই এখন এ বহিঃবিভাগ থেকে উপজেলা সকল মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হবে। ডাক্তাররা প্রতিনিয়ত তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। বক্তারা সকলে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের চিকিৎসা কার্যক্রম শুরুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই