খুলনায় আওয়ামী লীগ নেতা কাজী শফিকুুল ইসলাম মিঠুকে হত্যাচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,কাজী শফিকুল ইসলাম মিঠু খুলনার ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন। বর্তমান কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না একজন চিহ্নিত মাদক ব্যবাসায়ী ও ভূমি দস্যু। এমন কোন অপকর্ম নেই যা মুন্না করেন না। এসব অন্যায় কাজের প্রতিবাদ করায় গত ৪ এপ্রিল মুন্নার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী রাত ১০ টার দিকে নেভী চেক পোস্টের সামনে মিঠুর উপর নৃশংস হামলা চালায়।
এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এঘটনায় মামলা দায়েরের জন্য খুলনা খালিশপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। অভিযোগ রয়েছে, মুন্নার অবৈধ টাকার কাছে পুলিশও হার মেনেছে।
এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার আশা করে মুন্নার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কাজী শফিকুল ইসলাম মিঠুর নিরাপত্তা দাবি করেছেন। অন্যথায় মুন্নার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকালে বৃষ্টি উপেক্ষা করে এই মানবন্ধনে অংশ নেন খুলনা থেকে আসা নারীও পুরুষ।
জেড





