ভোলার চরফ্যাশনের চরলিউলিনের শফি সারেং এর বাড়িতে দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা শফি সারেংসহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।
বুধবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত শফি সারেং ও ছেলে মমিনকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, চরলিউলিনের শফি সারেংসহ পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৩টায় শফি সারেং’র ছেলে মমিন (২২) প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সশস্ত্র ১০/১২জন ডাকাত অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে এলাপাথাড়ি মারধর ও কুপিয়ে আহত করে ঘরের সকলকে বেঁধে ফেলে। এসময় সশস্ত্র ডাকাতরা শফি সারেং এর নিকট থেকে চাবি নিয়ে আলমিরা খুলে নগদ ২০হাজার টাকা, স্বর্ণালঙ্কারও পরিধেয় মালামালসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতদের হামলায় আহতরা হলেন- শফি সারেং (৪৮), স্ত্রী মায়মুনা বেগম (৩৭), ছেলে মমিন (২২), জাহের (২৮), মেয়ে কুলসুম (১২), আরফুজা (১৪) ও নাতি রাসেল (৮) আহত হয়।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, শফি সারেং এর বাড়িতে ডাকাতির বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





