সিরাজগঞ্জে শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে (৩৫) তার শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা।
সোমবার রাত ৮টার দিকে শহরের মালশাপাড়া মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।
সুজন মালশাপাড়া মহল্লার আব্দু সামাদের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুজনের স্ত্রী তিথিকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের লোকজন জানান, রাজনৈতিক বিভিন্ন মামলার কারণে সুজন পুলিশের গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকতো।
সোমবার সন্ধ্যায় বাড়ি এসে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সুজন। স্বামীকে ঘরের মধ্যে রেখে সুজনের স্ত্রী তিথি বাড়ি থেকে বাইরে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজনের শিশু মেয়ে ঘরের ভেতরের দরজা ধাক্কা দিতে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে। এ সময় তিথিও বাড়ি ফিরে আসেন।
ঘরের পেছনের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে তারা মেঝেতে সুজনের গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুজন মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুজনের ঘরের পেছনের পুকুরের ঢাল থেকে একটি চাপাতি উদ্ধার করে।
এ ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা সন্ধ্যার পর সুজনের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করে। পরে বাড়ির পেছনের দরজা দিয়ে তারা পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের মূল কারণ তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুজনের স্ত্রী তিথিকে আটক করেছে।
এএইচ





