লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে গোতামারী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান জানান, আহেদুল ইসলামকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

প্রসঙ্গত, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আনিছার রহমান চলতি বছর একটি মাটিকাটা প্রকল্পের কাজ পান। সে কাজটি পাওয়ার পর থেকেই ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম ইউপি সদস্য আনিছার রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

এ অবস্থায় গত সোমবার বিকালে দৈ-খাওয়া বাজারে আনিছার রহমানকে একা পেয়ে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা মিজানুর ও আহেদুলসহ তার দলবল। এ সময় তারা ইউপি সদস্য আনিছার রহমানকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কেএইচ