বাংলা নববর্ষ ১৪২২ উদযাপনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলা উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু’দিনব্যাপী অনুষ্ঠান চলছে। বিশ্ববিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন রয়েছে। এবার খুলনায় ব্যতিক্রমী বর্ষবরণ উৎসব আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সকাল ৭টায় শহীদ হাদিস পার্কের পুকুর পাড়ে আলোচনা, মেডিটেশন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
পহেলা বৈশাখ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন। পরে নগরীর শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা মোড় হয়ে রয়্যাল চত্বর পর্যন্ত বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বাংলা নববর্ষ ১৪২২ বরণে খুলনায় সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৭টায় শিববাড়ি মোড় থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৭টায় জেলা প্রশাসক বাংলোর বকুলতলায় পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতিসংঘ শিশু পার্কে তিনদিনব্যাপী বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খুলনা জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পান্তা ইলিশ ও সকাল ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেস ক্লাবে সকাল ৯টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক শান্তিধাম মোড়ের নান্দিক একাডেমি চত্বরে সকাল ৭টায়, খুলনা নাট্য নিকেতন, খুলনা মহানগর যুবলীগ, আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রোটারী ক্লাব, বর্ষবরণ পর্ষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসের কর্মসূচি পালিত হয়।
জেআই





