সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টাকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুই দালালকে আটক ও তিন যুবককে উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার গোপালদী বাজার এলাকা থেকে তাদের আটক ও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দালালরা হলেন- আড়াইহাজারের রামচন্দ্রদী গ্রামের বাতেনের ছেলে জাকির (৩০) ও গোপালদীর কলাগাছিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে সাগর ওরফে লিটন (৩০)।

উদ্ধারকৃতরা হলেন- নরসিংদীর কান্দাইল এলাকার মারফত আলীর ছেলে তাইজুল (২২), মিজানের ছেলে কবির (২০) ও জাকিরের ছেলে আরিফ (২৪)।

আড়াইহাজারের গোপালদী ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, স্বল্প খরচে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সোমবার দুপুরে ওই তিন যুবককে গোপালদী বাজারে নিয়ে আসে দুই দালাল জাকির ও সাগর। এসময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন যুবককে উদ্ধার করে এবং দুই দালালকে আটক করে।

এসআই সালাউদ্দিন আরও জানান, আড়াই লাখ টাকায় সমুদ্রপথে মালয়েশিয়া নেয়ার বিষয়ে উদ্ধারকৃতদের সঙ্গে চুক্তি করে দালাল জাকির ও সাগর। এরমধ্যে তারা প্রত্যেকের কাছ থেকে কমিশন পাবে ১০ হাজার টাকা করে। বাকি টাকা নেবে পাচারকারী চক্রের অন্য সদস্যরা। চক্রের অন্য সদস্যরা সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান করার কথা। সেখান থেকে বাসে চট্টগ্রাম এবং পরে সমুদ্রপথে মালয়েশিয়া নেয়ার কথা।

কেএইচ