রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সন্তু লারমার জেএসএস ও এমএন লারমার জেএসএস নেতাকর্মীরা একই দিন সমাবেশ আহ্বান করায় সেখানে প্রশাসন এ সিদ্ধান্ত নেন।
সোমবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিকেলে ইউএনও-এর পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে রাঙামাটিতে প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে বাঘাইছড়ি উপজেলা সদরে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
কিন্তু রোববার সুধাসিন্ধু খীসা ও তাতিন্দ্র লাল চাকমা পেলের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) নেতদের পক্ষ থেকে জানানো হয়, তারাও একই স্থানে সোমবার পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করবেন।
উভয়পক্ষ নিজেদের কর্মসূচি পালনের সিদ্ধান্তে অনঢ় থাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বাঘাইছড়ি ইউএনও সুমন চৌধুরী জানান, উভয়পক্ষই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। সংঘর্ষ এড়াতে ও জানমালের নিরাপত্তার স্বার্থেই এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





