সাগরে নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত কমিয়ে ১ নম্বর করা হয়েছে। সাগরে সতর্কতা কমলেও রাতে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী বায়ুর অক্ষে এসে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই