রাজধানীতে ঝড়ে হেলে পড়া একটি বিলবোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩৯) ও আব্বাস আলী (৩০) নামে ২ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার রাত ১টার দিকে বিজয় সরণিতে এ ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করে কাফরুল থানায় রাখা হয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা শততা এন্টারপ্রাইজ নামে একটি বিলবোর্ড নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। তারা রাতে বিজয় সরণির মোড়ে ঝড়ে হেলে পড়া একটি বিলবোর্ড মেরামত করতে যান। ঝড়ে বিলবোর্ডটি ১১ হাজার ওয়ার্ডের বিদ্যুতের তারের ওপর হেলে পড়ে। কিন্তু তারা সেটি খেয়াল না করেই মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিদ্যুতের তারে কোথাও ছিদ্র থাকায় তারা পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সোহেল রানা আরও জানান, টহল পুলিশ খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের লাশ দু’টি বিলবোর্ডের ওপর থেকে নিচে নামিয়ে আনে। পরে তাদের আত্মীয়দের জন্য লাশ দু’টি থানায় রাখা হয়।
উপ-পরিদর্শক সোহেল রানা জানান, সকালে নিহতের মধ্যে মিজানের স্বজনরা থানায় এসেছেন। তিনি নোয়াখালীর চাটখিলের আব্দুর রহিমের ছেলে এবং শততা এন্টারপ্রাইজের সরবরাহকারী বলে স্বজনরা জানিয়েছেন। নিহত অপর জনের নাম ছাড়া কোনো পরিচয় জানা যায়নি।
এসএইচ





