পুলিশের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আজ (২৬ সেপ্টেম্বর) রোববার কুমিল্লার আদালতে হাজিরা দেবেন।

কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২০২০ সালের ১৭ ডিসেম্বর পুলিশ এই মামলা করে।

এর আগে গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, কুমিল্লার চান্দিনায় একটি মামলাসহ কুমিল্লায় করা একাধিক মামলার আসামি মামুনুল হক। কুমিল্লা আদালতে মামলার হাজিরা থাকায় গত শুক্রবার মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে কুমিল্লার কারাগারে আনা হয়। আজকে একটি মামলায় দুই জনকেই আদালতে উঠানোর কথা রয়েছে। তাদের কারাগার থেকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা আদালতের পিপি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দুই জনকে চান্দিনার একটি মামলায় আদালতে উঠানো হবে।

উল্লখ্য, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ ছয় জনকে আসামি করা হয়।

এমবি