ঢাকা থেকে অপহরণের আট ঘন্টা পর ওয়ার্কার্স পার্টির এক নেতাকে মুন্সীগঞ্জের সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম তপন সাহা (৩৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে অপহৃত হওয়ার পর তাকে উপজেলার কাটাখালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।
তপন সাহা বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে পহেলা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি কিনতে গুলিস্তান যাই। এসময় গোলাপ শাহ মাজারের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ৫ কিশোর মাইক্রোবাসে আমাকে তুলে নেয়। এরপর চোখ বেঁধে ২-৩ ঘণ্টা পর অজ্ঞাত একটি বালির মাঠে নিয়ে আমার কাছে তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবার ও আত্মীয় স্বজনকে ফোন করে বিকাশ একাউন্টের মাধ্যমে ২৫ হাজার টাকা নিয়ে যায়।'
তিনি আরও বলেন, এসময় তারা আরও টাকা দাবি করে। কিন্তু রাতে টাকা পেতে বিলম্ব হওয়ায় একপর্যায়ে মোবাইল সেটটি নিয়ে অপহরণকারীরা চলে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, রাতে খবর পেয়ে তপনকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি এলাকার থেকে উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেআই





