গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িবহরে গুলি চালিয়য়েছে দুর্বৃত্তরা। এতে ৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৫ জনের মধ্যে ৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও ১ জন বাঙালি বলে জানা গেছে। তবে এখনও তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা একটি মাইক্রোবাসে করে নানিয়ারচর উপজেলা সদরে নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বেতছড়িতে পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। তারা প্রথমে মাইক্রোবাসের বাঙালি চালক সজীবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। চালক গুলিবিদ্ধ হলে গাড়িটি উল্টে যায়। এর পর দুর্বৃত্তরা আরোহীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচরের ওসি আবদুল লতিফ জানান, হামলায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, নিহতদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে ও গুলিবিদ্ধ অবস্থায় চালক ও আরও ১জন গড়াছড়ি জেলা হাসপাতালে মারা গেছেন। অন্যরা এ হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৩ মে) বেলা ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদের কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গঠিত জনসংহতি সমিতি-এমএন-লারমার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
এমবি





