রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। শিগগির আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। এজন্য তরুণ প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন, তাদের এখন এগিয়ে আসা প্রয়োজন।

শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের দ্বাদশ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও আপনাদের জন্য সুন্দর ও উন্নত শিক্ষার ব্যবস্থা করেছে দেশ ও সমাজ। এখন আপনারা এগিয়ে আসলেই আমাদের সব প্রচেষ্টা সফল হবে। সরকারের যেমন সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দায়িত্ব, একইভাবে দেশের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করা তরুণ প্রজন্মের দায়িত্ব।

তিনি আরও বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও দক্ষ ও সৃজনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার দেশে ১৩টি ক্যাডেট কলেজ পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থায় গড়ে ওঠা প্রাক্তন ক্যাডেটরা এরই মধ্যে তাদের মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রাক্তন-ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসকে মো. মারুফ হাসান ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারি।

এআই