রমজান মাসে বন্দরনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১১০টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগরীর ২৪টি স্পর্শকাতর পয়েন্টে এই ১১০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে।
রমজানের প্রথম দিন সোমবার সকাল থেকেই এই ক্যামেরার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে বলে সিএমপি সূত্র জানিয়েছে।
ক্যামেরা স্থাপন কার্যক্রমের সমন্বয়কারী চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তার জানান, চট্টগ্রামে অপরাধ নিয়ন্ত্রণ প্রতিরোধ এবং অপরাধী শনাক্ত করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে পুরো চট্টগ্রাম মহানগরীকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার কাজ শুরু করেছে সিএমপি।
প্রাথমিকভাবে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৪টি পয়েন্টে ক্লোজড সার্কিট ক্যামরা স্থাপন করা হয়েছে। এই ২৪টি স্পটের মধ্যে বন্দরনগরীতে প্রবেশের সাতটি বিশেষ স্থানও অন্তর্ভুক্ত রয়েছে। স্থাপনকৃত এই বিশেষ ক্যামেরাগুলো সামগ্রিক চিত্রধারণ করার পাশাপাশি ফেস ডিটেক্টশন এবং গাড়ির নম্বরপ্লেন্টের নম্বরসমূহ সংরক্ষণ করবে বলে তিনি জানান।
বাবুল আক্তার আরও জানান, সিএমপি সদর দপ্তরে নতুন স্থাপিত একটি নিয়ন্ত্রণকক্ষে বসে সবগুলো ক্যামেরার চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
নগরীর যেসব এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে তার মধ্যে চট্টগ্রামে মূল প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট, এ কে খান মোড়, অলংকার মোড়, জিইসি মোড়, মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, অক্সিজেন মোড়, সাগরিকা, সিইপিজেড মোড়, রাহাত্তারপুল, শাহ আমানত সেতু, নিউমার্কেট, কাজীর দেউড়ি মোড় অন্যতম। এই সব পয়েন্টে চার থেকে পাঁচটি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, স্থাপিত ক্যামেরাসমূহ পর্যবেক্ষণে নগরীর লালদীঘির পাড়ে সিএমপির সদর দপ্তরে একটি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। এই নিয়ন্ত্রণকক্ষে ১২টি মনিটরে নগরীতে স্থাপিত ক্যামেরার চিত্র পর্যবেক্ষণে যাবতীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
নিয়ন্ত্রণকক্ষে বসে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ক্যামেরার চিত্র থেকে অপরাধ, অপরাধী কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





