খুলনা মহানগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সাড়ে ৩টার দিকে মহানগরের দৌলতপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি ও মাদকের ৫ টি মামলা আছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ দেলোয়ারকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, গতকাল দিবাগত রাতে একদল ব্যক্তি দৌলতপুরের কল্পতরু মার্কেটের মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে জানতে পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পুলিশের একটি দল কল্পতরু মার্কেটের মাঠে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এর কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ২টি গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে আহত হন হালিম, আরাফাত হোসেন ও মাহবুব নামের ৩ পুলিশ সদস্য। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র মনিরা সুলতানা জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ারকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমবি