বরগুনার আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ (০৬ অক্টোবর) রোববার সকালে বরগুনা নারী ও শিশু আদালতে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ করা চার আসামি হলেন- অপ্রাপ্তবয়স্ক আসামি রিফাত হাওলাদার, প্রিন্স মোল্লা ও আবু আব্দুল্লাহ রায়হান এবং প্রাপ্তবয়স্ক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬জন অপ্রাপ্তবয়স্ক। এছাড়া পলাতক ছিলেন আরো ৯ আসামি। যাদের মধ্যে রোববার (০৬ অক্টোবর) ওই চার আসামি আত্মসমর্পণ করেছেন।

বর্তমানে পলাতক রয়েছে আরও পাঁচ আসামি। তারা হলেন- মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মুছা, হাসান এবং কিশোর অভিযুক্ত সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক ও নাইম।

আর এই মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করে একদল যুবক। রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা।

গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই হত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পরের দিন সকালে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন। মিন্নি ছিলেন সেই মামলার ১ নম্বর সাক্ষী।

এমবি