বৈশাখী মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গুচ্ছগ্রামে দু’গ্রামবাসীর মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত এসব সংর্ঘষে ১ জন নিহত ও ৩ শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। ওই এলাকার রাঘবেন্দ্রপুর ও তিলকপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ বাধে।
রোববার সকাল ১০টার দিকে ফের সংঘর্ষের সময় তালেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তালেব আলী চকনদী গ্রামের পচা মামুদের ছেলে।
গুরুতর আহতদের মধ্যে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে লিখন মিয়া (১১) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া একই গ্রামের চেংটু মিয়ার ছেলে আজাদুল (২২), ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল (২৫), তোফা মিয়ার ছেলে লিটন মিয়া (১৬), ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের সফু মিয়া (৪০), সিরাজুল ইসলাম (৩২) শাহাবুল হোসেন (২৮) ও বকুমিয়া (২০) আয়নাল মিয়ার ছেলে আল আমিন (১৪) সহ বাকীদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুর রহমান ও ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, ঢাক ঢোল পিটিয়ে রাঘবেন্দ্রপুর গুচ্ছ গ্রামে শুক্রবার বৈশাখী মেলার আয়োজন করে ওই এলাকার ইউপি সদস্য নূর মোহাম্মাদসহ কতিপয় যুবক।
এ মেলায় ১০/১২ বছরের কতিপয় শিশু-কিশোর তাস দিয়ে চুক চুকি নামক একটি জুয়া খেলা বসায়। রাঘবেন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোর ও যুবকের ওই জুয়া খেলায় টাকা খোয়া যায়। তারা টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে মেলা সংলগ্ন ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ওই জুয়া আয়োজনকারী শিশু-কিশোরদেরকে মারপিট করে।
পরে ওই বিষয়টি দুই গ্রাম বাসীর মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে দুই গ্রাম বাসী সংর্ঘষে জড়িয়ে পরলে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। এসময় মেলার আয়োজক ইউপি সদস্য নূর মোহাম্মাদ কে আটক করে লাঞ্চিত করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সুত্রটি আরো জানায়, শনিবার ১০টার দিকে রাঘবেন্দ্রপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র আল আমিন তিলকপাড়ায় অবস্থিত তফেজান নেছা দাখিল মাদ্রাসায় ক্লাস করতে এলে তাকে আটক করে মারপিট করে তিলকপাড়ার কতিপয় যুবক।
খবর পেয়ে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনকে উদ্ধার করে আনে। এদিকে এঘটনাকে কেন্দ্র করে রোববারও দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জালাল উদ্দিন ঘটনার জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এআর





