পরকীয়ার জের ধরে মুদি দোকানি স্বামী মো. আকবর হোসেনকে (৩৫) এসিড ছুঁড়ে মেরেছেন স্ত্রী শাহনাজ বেগম (২৮)।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচরের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বামীর সঙ্গে শাহনাজেরও দুই হাত দগ্ধ হয়েছে।
তারা কামরাঙ্গীরচরের মাতবরপাড়ার ফয়েজ হাজীর বাসার ভাড়াটিয়া। দগ্ধ আকবর ফরিদপুর জেলার সদর থানার জমাদারপাড়া গ্রামের সামসু শেখের ছেলে।
দগ্ধ আকবর বলেন,সন্ধ্যায় আমি ঘুমিয়ে ছিলাম। এমন সময় কয়েকজন লোক এসে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর শাহনাজ আমার শরীরে কী যেন ছুঁড়ে মারে। তখন থেকেই আমার শরীর পুড়ে যাচ্ছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। শুধু যন্ত্রণা হচ্ছে।
স্ত্রী শাহনাজ বলেন,আমার স্বামী অনৈতিক সম্পর্কে জড়িত। তাকে অনেকবার সতর্ক করা হলেও সে কথা শোনেনি। আমাদের জুদান নামে সাড়ে চার বছরের একটি ছেলে রয়েছে।
তিনি আরো বলেন,আকবরের পরকীয়ার ক্ষোভে সকালেই আমি এসিড কিনে রাখি। বিকেলে তার সঙ্গে আমার ঝগড়ার এক পর্যায়ে আমি কোকের বোতলে রাখা এসিড ছুঁড়ে মারি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।
এআর





