প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের চমৎকার সম্পর্ক রয়েছে। তবে বহুমুখী উদ্যোগের মাধ্যমে এ সম্পর্ক আরো উন্নয়নে সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নেদারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পানিসম্পদ সংরক্ষণ, উপকূলীয় এলাকায় ব্যবস্থাপনা এবং বাঁধ দেয়ার মাধ্যমে ভূমি উদ্ধারসহ অন্যান্য ক্ষেত্রে নেদারল্যান্ডের অসামান্য সাফল্য থেকে বাংলাদেশ কিভাবে শিক্ষা নিতে পারে তা খুঁজে বের করার জন্যও তিনি রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে নেদারল্যান্ডের আরো বিনিয়োগ এবং রফতানি বৃদ্ধির উপায় খুঁজে বের করার জন্য বেলালকে নির্দেশ দেন।
সম্প্রতি বেলালকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। একই সংগে তিনি পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও বসনিয়া-হারজেগোভিনায়ও বাংণাদেশের রাষ্ট্রদুত হিসেবে দায়িত্ব পালন করবেন।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]





