চাঁদপুরের কচুয়া উপজেলায় এক কলেজ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চিকিৎসকেরা বলেছেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
পুলিশ ধর্ষণের অভিযোগে ওই শিক্ষার্থীর ভগ্নিপতিকে গ্রেফতার করেছে। ভগ্নিপতির বিরুদ্ধে কচুয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আগেই দু'টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার ভাষ্য, গতকাল বুধবার সকালে সে কলেজে যাচ্ছিল। পথে তার ভগ্নিপতি তার বড় বোন অসুস্থ বলে তাকে তাঁদের বাড়িতে যেতে বলেন। ওই শিক্ষার্থী বোনের অসুস্থতার কথা শুনে তাঁর সঙ্গে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায়, তার বোন বাসায় নেই। একপর্যায়ে ভগ্নিপতি তাকে কুপ্রস্তাব দেন। সে রাজি না হলে তিনি তাকে বেধড়ক মারধর করে আহত করে। এরপর তিনি তাকে ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী দুপুরে ওই বাড়ি থেকে পালিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। এর পর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, ওই কলেজ ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে ধর্ষণের আলামতও পাওয়া গেছে।
কচুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ইবরাহিম খলিল বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে শিক্ষার্থী কিংবা তার পরিবারের কেউ মামলা করলে পুলিশ ব্যবস্থা নেবে।
কেএইচ





