মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যেসব কারণে বাল্য বিয়ে হয় তা কমিয়ে আনতে এবং প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে এক স্কুল ক্যাম্পেইনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি কন্যা শিশু ১৮ বছরের আগে শারীরিকভাবে পরিপূর্ণ হয় না। তাই ১৮ বছরের আগে বিয়ে হলে মাতৃমৃত্যুর ঝুঁকি যেমন থাকে, তেমনি থাকে শিশু মৃত্যুর ঝুঁকিও।’

মেহের আফরোজ চুমকি বলেন, ‘নারীকে সম্মানিত করলে পরিবার, দেশ ও জাতি সুন্দর হবে।’

এ সময় দেশের কন্যা শিশুদের শিক্ষিত ও সচেতন করতে পারলে বাল্য বিয়ের হার অনেক কমে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, জেলা মহিলা বিষয়ক অফিসার মো. জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বক্তব্য রাখেন।

এ সময় বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

এআই