গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক কিশোর ও এক কিশোরী একসঙ্গে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই জনের পরিবার বিয়েতে সম্মত না হওয়ায় তারা আত্মহত্যা করেন।

দক্ষিণ খাটিয়ামারি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। ভোরে তাদের ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। কিশোরের নাম নুরুন্নবী মিয়া ও কিশোরীর নাম শারমিন আকতার।

ফুলছড়ি থানা পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ফুলছড়ি সদর ইউনিয়নের পারুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নুরুন্নবী মিয়া ফুলছড়ি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এক বছর আগে নুরুন্নবীর সঙ্গে তার চাচাতো বোন শারমিন আকতারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শারমিন টেংরাকান্দি এম এ সবুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারি গ্রামের সন্দেশ মিয়ার মেয়ে। তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একই দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বুধবার সকালে স্থানীয় লোকজন তাদের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ নিয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এসএমএ