শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুদক্ষ ও মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক এবং সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে আগ্রহী।’ সে লক্ষ্য পূরণের জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়ন করছে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশসেরা ১২ জন সৃজনশীল মেধাবী এখানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে।

তিনি বলেন, দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করার একমাত্র উপায় হলো শিক্ষা। আমরা সবার মধ্যে শিক্ষার সুযোগ ও সুবিধা ছড়িয়ে দিতে চাই।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।

প্রধানমন্ত্রী ১২ মেধাবীর হাতে পুরস্কার হিসেবে পদক, সনদ এবং প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করেন। ১২ মেধাবী হলো- সিরাতল মোস্তাকিম শ্রাবণী (রাজউক উত্তরা মডেল হাইস্কুল), অনিকা তাবাসসুম (হলিক্রস গার্লস হাইস্কুল), পুষ্পিতা বিশ্বাস (কাফকো স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), আল মুহিত মুহতাদি (পীরগঞ্জ সরকারি হাইস্কুল ), আবরার প্রমিতি মল্লিক (নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়), ফাহিমা সুলতানা (জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল, ঢাকা) জোবায়ের রহমান নির্ঝর (আনন্দ সরকারি হাইস্কুল), আফিয়া আনজুম জামান জেবা (কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়), অদিতি বড়ুয়া (হলিক্রস কলেজ, ঢাকা), শাহজাদী নওরীন হক (ফজিলাতুন্নেসা সরকারি গার্লস কলেজ, বরিশাল), ফাহিম শাহরিয়ার সাক্ষর (নটর ডেম কলেজ, ঢাকা) ও সুমাইয়া ইসলাম (ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক কলেজ)।

পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে মেধাবী হিসাবে বিজয়ী ৮৪ জনের প্রত্যেকের হাতে পদক, সনদ ও পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪-এর আয়োজন করে।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ