চাঁদা না দেয়ায় ফেনীর এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে দলবল নিয়ে হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন (৪০)।
রোববার রাত ৯টার দিকে সোনাগাজী উপজেলার ডাক বাংলো রোডের নিউ মদিনা ব্রেড অ্যান্ড এজেন্সিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার শিকার ওই প্রতিষ্ঠানের মালিক আবু তাহের অভিযোগ করেন, যুবলীগকর্মী আলমগীর তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো।
চাঁদা না দেয়ায় রাতে আলমগীর তার সহযোগী মিজান, রাজুসহ ১৫ থেকে ২০ জনের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও লুট করে। মারধর করা হয় দোকান মালিককেও।
হামলায় দোকানের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ দোকান ভাংচুরের ঘটনায় ১ জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





