মঙ্গলবার সংসদ সদস্য সেলিম ওসমানের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুরোধে এ সংবাদ সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে এক মুঠোফোন বার্তায় জানিয়েছেন সেলিম ওসমান।

জাতীয় পার্টির নির্বাহী কমিটির অনুমতি পেলে পরে এ সংবাদ সম্মেলন করা হবে বলেও মুঠোফোন বার্তায় জানান ওই সংসদ সদস্য ।

দুই দিন আগে সেলিম ওসমান জানিয়েছিলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার দিন ‘আসলে কী ঘটেছিল তার তথ্য-প্রমাণ’ হাজির করবেন।

এর আগে গত বৃহস্পতিবারও নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান।

সেখানে তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে বলেও সংসদ সদস্য দাবি করেন।

সংসদ সদস্য অভিযোগ শুনে ওই দিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

নারায়ণগঞ্জ হাসপাতালে শুয়ে তিনি জানান, সেদিন সেলিম ওসমান তাঁর দুই গালে দুটি করে চারটি চড় মারেন। এরপর বলেন, ‘শালা কান ধর।’ ইসলাম ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি বলে জানান শিক্ষক। তিনি বলেন, সেদিনের পুরো ঘটনাই ছিল সাজানো।

শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।

পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা না পেয়ে সরকারি তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল করা হয়।

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওএফ