নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে রবিউল হাসান নামে এক সিএনজি অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।বুধবার রাতে অপহরণের ঘটনায় তার থানায় অভিযোগ করেছেন।

অপহৃত রবিউল হাসান (২৮) উপজেলার ছয়ানি ইউনিয়নের দৌয়ালিয়া গ্রামের বৈদ্য বাড়ির মো. হানিফের ছেলে। আটককৃত দোলোয়ার হোসেন একই বাড়ির ওবায়দুল হকের ছেলে।

অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে খাওয়ার পর রবিউল তার সিএনজি অটোরিকশা নিয়ে ভাড়ায় বের হয়। এরপর থেকে রাতে আর সেই বাড়ি ফিরে আসেনি। রাত ও বুধবার দুপুর পর্যন্ত সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও রবিউলের কোনো সন্ধান পায়নি তার পরিবার।

বুধবার বিকাল ৩টার দিকে রবিউল তার মোবাইল থেকে মোহাম্মদ আলী নামে তার এক মামার কাছে ফোন দিয়ে বলে তার চাচাত ভাই বেলালসহ কয়েকজন তাকে ছয়ানীর জুগিয়ালী এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে। ওই অপহরণকারীদের ১১ লাখ টাকা দিলে তারা তাকে ছেড়ে দেবে বলে রবিউল বলেন।

অপহৃতের স্ত্রী সালমা আক্তার জানান, বিকালে প্রথমে ফোন করে আমাদের কাছে ১১ লাখ, পরে ৭ লাখ ও সন্ধ্যায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। তাদের দাবির ৫ লাখ টাকা না দিলে তারা রবিউলকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।

সালমা আরো জানান, রবিউলের ৩ জন বড় ভাই বিদেশে থাকেন। অপহরণকারীরা তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক জানান, রবিউলের চাচাতে ভাই বেলালসহ কয়েকজন তাকে অপহরণ করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা চাচাতো ভাই দোলেয়ারকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, অপহৃত অটোরিকশা চালক রবিউলকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআর