করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৮৪৬ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৮৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

শুক্রবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ২৭ হাজার ২৯৪টি। আর পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৭৮টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ১৬ হাজার ২৪৩টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন মারা গেছেন।

এমবি