চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পশ্চিম ইসদাইল তাগারপাড় এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আশরাফুল ইসলাম বাবু (৩৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস খবরের সত্যতা নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই সোহেল বলেন, তাগারপাড় এলাকায় হাবীব এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের। কিছুদিন ধরে স্থানীয় রফিক, উজ্জ্বল, চঞ্চল ও আজিমসহ কয়েকজন চাঁদাবাজ আশরাফুলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

কিন্তু আশরাফুল চাঁদা না দেওয়ায় তারা তাকে হত্যার হুমকি দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশরাফুল ও তিনি (সোহেল) নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন।

এ সময় রফিক, উজ্জ্বল, চঞ্চল, আজিমসহ পাঁচজন সেখানে এসে আশরাফুলকে ডেকে দোকানের বাইরে নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তারা আশরাফুলের বুকে গুলি করে পালিয়ে যান।

প্রথমে আশরাফুলকে উদ্ধার করে জেলা শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান আশরাফুল।


এমআর