ইসলামী ছাত্রশিবিরের অন্যতম শহীদ জসিম উদ্দীন মাহমুদ’র পিতা ডা. আব্দুল খালেক বলেছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে এ পৃথিবীতে তাঁর খেলাফতের দায়িত্ব পালনের জন্যই প্রেরণ করেছেন। তাই তিনি যুগে যুগে প্রত্যেক জাতির নিকট নবী-রাসূল পাঠিয়েছিলেন পথভুলা মানুষকে সঠিক পথের দিশা দিতে।
চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ (শুক্রবার) এসব কথা বলেন।
ডা. আব্দুল খালেক আরও বলেন, মক্কার মরুর বুকে মানুষ যখন এক আল্লাহর দাসত্ব ভুলে অসংখ্য মূর্তি পূজা, জীবন্ত কন্যা সন্তান কবর দেয়া, একে অপরের মধ্যে হানাহানিতে লিপ্ত হয় ঠিক তখনই মহান প্রভু মানবজাতিকে হেদায়াত দেয়ার জন্য সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ (স:) কে পাঠিয়েছিলেন।
যিনি আরবের আইয়্যামে জাহেলিয়াতকে দূরীভূত করে এক শান্তির সমাজ কায়েম করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে স্রষ্টার দেয়া দায়িত্ব ভুলে অন্ধকার পথে পরিচালিত হলে তাকে সু-পথে আনার দায়িত্ব শেষ নবীর উম্মত হিসেবে আমাদের উপর দেয়া হয়েছে। কেননা শেষ নবী’র পর আর কোন নবী- রাসূল দুনিয়াতে পাঠাবেন না। আল্লাহর দেয়া দায়িত্ব পালন না করার কারণে প্রত্যেককে শেষ বিচার দিনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, তাই দিকভ্রান্ত পথহারা মুসলিমকে আল্লাহর দেয়া দায়িত্ব-কর্তব্য স্মরণ করিয়ে দিতে হবে আমাদেরকে। এর মাধ্যমেই আমরা পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারব।
এজন্য তিনি প্রত্যেক শিবির নেতা-কর্মীদের সকল প্রকার জুলুম নির্যাতন মোকাবেলা করে পরকালীন মুক্তির আশায় সকল ছাত্রদের কাছে দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান ডা. আব্দুল খালেক।
চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এস কে সিকদার এরসঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাবেক নগর সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী, আনোয়ারুল আলম চৌধুরী, শিবির নেতা আ, মাহবুবুর রহমান প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, বিশ্ব পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এর সাথে তাল মেলাতে শিবির নেতা-কর্মীদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। শুধুমাত্র আবেগ সর্বস্ব হয়ে দুনিয়াবী স্বার্থ অর্জনের ব্যর্থ চেষ্টা করলে হবে না জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নিজেদের মেধা মননকে কাজে লাগাতে হবে। জাগতিক সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় অধীনস্ত জনশক্তিকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে তৌহিদুল ইসলাম শিবিরের প্রত্যেক নেতা কর্মীদেরকে নিজেদের আল্লাহভীতি ও আমানতদারিতার মান আরও বেশি উন্নতি সাধন করে উত্তম চরিত্রের মাধ্যমে দ্বীনের একজন যথার্থ দায়ীর ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে অতিথিবৃন্দ সংগঠনকে আরও বেশি গতিশীল করার জন্যে সাংগঠনিক বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
পরে প্রধান অতিথি ডা. আব্দুল খালেক’র পরিচালনায় ইসলামী আন্দোলনে শাহাদাত বরণকারী নেতা কর্মীদের উত্তম মর্যাদা ও আহত-পঙ্গু ভাইদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করা হয়।
মাসুম/এমবি





