লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে মঙ্গলবার ভোরে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে যায়। এতে করে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হাতীবান্ধা বিদ্যুৎ বিভার আবাসিক প্রকৌশলী আব্দুল আসাদ প্রামাণিক জানান, ভোর রাত ৪টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ৩৩ হাজার সংযোগের একটি ও ১১ হাজার সংযোগের একটি বিদ্যুৎ খুঁটি ভেঙে যায়। এরপর থেকে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ওই কর্মকর্তা আরও জানান, মেরামতের কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।
জেআই





