গাজীপুরে জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত গাজীপুর ভাওয়াল সরকারি কলেজ মাঠে শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সভা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসভা অনুষ্ঠানের জন্য গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। জনসভার কারণে এ কেন্দ্রের চলতি মাস্টার্স পরীক্ষা পাশের কয়েকটি কলেজে স্থানান্তর করেছিল কলেজ কর্তৃপক্ষ।
এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০০ জন। এ নিয়ে পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা জনসভা স্থগিতের বিষয়টি জানতে পারেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে ওই কলেজ কেন্দ্রে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি জেনে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় জনসভা স্থগিতের নির্দেশ দিয়েছেন।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা বলেন, জনসভার কারণে ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর ভেন্যু পরিবর্তন করে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কলেজে স্থানান্তর করা হয়েছে। জনসভা স্থগিত হলেও পরিবর্তিত ভেন্যুতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, শনিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই সপ্তাহ ধরে এ ব্যাপারে জেলাব্যাপী পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়।
ভাওয়াল বদরে আলম কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা জানিয়েছিলেন, কলেজ মাঠের অনুষ্ঠানটিতে সরকারের কয়েকজন মন্ত্রী আসবেন বলেই বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য পরীক্ষাটি চান্দনা স্কুল, কমার্স কলেজ ও সিটি কলেজে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবহিত করেই কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
এমএনজে





