ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে শফিকুল ইসলাম সোহাগ ফকির নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত ১০টা দিকে উপজেলার লংগাইর ইউনিয়নে চরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম সোহাগ উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন সোহাগ।

এ সময় পেছন থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, প্রতিপক্ষ বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদের সমর্থকরা সোহাগের ওপর অতর্কিত গুলি চালায়।

এ বিষয়ে জানতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এসএম