গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় করা মামলার মূল আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে এক খুদে বার্তায় এ তথ্য জানায় র্যাব। তবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত ২৯ এপ্রিল শনিবার সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় শ্রীপুরের সিটপাড়া গ্রামের দিনমজুর হজরত আলী ও তার পালিত কন্যা আয়েশা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
হজরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে ফারুক। এলাকার মানুষ টের পেয়ে ওই মেয়েকে রক্ষা করে। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানিয়ে প্রতিকার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী।
পরে এ ঘটনায় হালিমা বেগম স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে কমলাপুর থানায় মামলা দায়ের করেন।
এমই





