বাগেরহাটের কচুয়ার খলিশাখালী এলাকা থেকে গ্রেফতার জামিয়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্য নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাগেরহাট সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে মঙ্গলবার বিকেলে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তন্ময় মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। জবানবন্দি দেওয়া জেএমবি সদস্যরা হলেন— আকাশ ওরফে বাবু (১৯), মো. হাবিবুল্লাহ (১৯), মো. কবিরুল ইসলাম ওরফে কবিরুল মহুরী (২৬) ও মিজানুর রহমান (২১)।
বুধবার এক সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান জানান, আসামিদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হলে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। আটক এই জেএমবি সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
মঙ্গলবার ভোরে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের সাফায়েত শেখের বাগান বাড়িতে পরিত্যক্ত একটি ঘরে বসে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি রিভলভার, ৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স, মনিটর ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়।
জারিফ





