সিলেটের শিশু রাজন হত্যার রেশ কাটতে না কাটতে লালমনিরহাটের হাতীবান্ধায় হাদিত (১১) নামে এক শিশুকে কথিত চুরির দায়ে কক্ষে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ উঠেছে লাদেন নামে এক স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে।
সোমবার(১৯ জুন) বিকেলে তার অবস্থান জানতে গেলে সাংবাদিকদের ক্যামেরাও কেড়ে নেন লাদেন ও তার লোকজন। এর আগে সকালে হাদিতকে ডেকে নিয়ে অবরুদ্ধ করা হয়েছে।
অভিযুক্ত ঐ নেতা লুৎফর রহমান লাদেন উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মনছের আলীর ছেলে। অবরুদ্ধ শিশু হাদিত উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে হাতীবান্ধা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
হাদিতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির পাশ্বের উঠানে পাড়ার শিশুদের সাথে খেলছিল হাদিত। এ সময় শিশু হাদিতকে প্রতিবেশী লন্ডন প্রবাসী আব্দুল গণির বাড়িতে ডেকে নেন ঐ নেতা লাদেন।
এরপর ওই বাড়ির একটি কক্ষে অবরুদ্ধ করে শিশু হাদিতকে অমানুষিক নির্যাতন করে কক্ষে আটকিয়ে রাখেন লাদেন। এমন একটি খবরে স্থানীয় সংবাদকর্মীরা বিকেলে ছুটে গেলে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় নি।
এ সময় সাংবাদিকরা ওই বাড়ির ছবি তুলতে গেলে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেন ওই প্রবাসী গনির ছোট ভাই কাইয়ুম। পরে ছবি না তোলার শর্তে ক্যামেরা নিয়ে চলে আসেন সাংবাদিকরা।
শিশু হাদিতের মা জাহানারা বেগম জানান, সকালে তার ছেলেকে অমানুষিক নির্যাতন করে একটি কক্ষে আটকিয়ে রাখে। থানা অভিযোগ দিলে শিশু হাদিতকে হত্যার করার হুমকী দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে গ্রাম পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাটি সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নুরনবী/এমএনজে





